আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী
ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র এবং তথ্য-প্রমাণ ইতোমধ্যে বিএনপি জনসমক্ষে তুলে ধরেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সম্প্রতি দেওয়া বিভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়ানো ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছেন গোলাম পরওয়ার। দেশে নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা করা হলে দেশের সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও উল্লেখ করেন, বিরোধী পক্ষের কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে প্ররোচিত না হয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে, যা সরকারের ইতিবাচক পদক্ষেপেরই ফল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











