দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৫
দেশে নতুন করে হামের লক্ষণ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে রোগটির লক্ষণ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন এক হাজার ৬৫ জন রোগী।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৪ জনের দেহে হামের লক্ষণ বা উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট হামের লক্ষণযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫১ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে বিগত ৭ মাসে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে।
হাসপাতালে রোগী ভর্তি ও ছাড়পত্রের বিষয়ে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন এক লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তবে তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮৭ হাজার ৬০৫ জন রোগী।
মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু না হলেও লক্ষণযুক্ত আটজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১১৮ জনের মৃত্যু হলো। আর এই একই সময়ে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১০৪ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











