বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ার নির্দেশ দিলেন কিম জং উন

২৪ অক্টোবর ২০২৬ - ১৫:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ার নির্দেশ দিলেন কিম জং উন
ছবি সংগৃহীত

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এই লক্ষ্য অর্জনে সেনাবাহিনীর সার্বিক প্রশিক্ষণ জোরদার করার পাশাপাশি প্রতিটি সামরিক ইউনিটকে আধুনিক, দক্ষ ও পূর্ণাঙ্গ যুদ্ধপ্রস্তুত করে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

​উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে বুধ ও শুক্রবার অনুষ্ঠিত সেনাবাহিনীর কোম্পানি কমান্ডারদের দুই দিনব্যাপী সম্মেলনে এসব নির্দেশনা প্রদান করেন কিম। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের কংগ্রেসের পর এটিই ছিল পুরো সেনাবাহিনীকে নিয়ে আয়োজিত প্রথম সামরিক সম্মেলন। ওই কংগ্রেসে কিম প্রচলিত সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

​সম্মেলনে কিম ‘কোরীয় ধাঁচের সামরিক বিপ্লবে’র ডাক দিয়ে বলেন, বিশ্বের সর্বাধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেনাদলের প্রতিটি কোম্পানিকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে আধুনিক এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

​উল্লেখ্য, জাতিসংঘের দীর্ঘদিনের অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। সম্প্রতি দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্বলিত নির্ভুল লক্ষ্যভেদী টর্পেডো ব্যবস্থা ও মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং স্পষ্ট জানিয়েছে, তারা তাদের পারমাণবিক অবস্থান থেকে কখনোই সরে আসবে না।

​এদিকে দুই কোরিয়ার অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার কয়েকজন সেনা আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে উত্তেজনা প্রশমন ও পরিস্থিতি স্পষ্ট করতে দক্ষিণ কোরিয়ার সেনা পর্যায়ে আলোচনার প্রস্তাব দিলেও পিয়ংইয়ং এখনো এতে কোনো সাড়া দেয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0