নিরাপত্তা ঝুঁকিতে আবারও সৌদি ত্যাগের জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে দেশটিতে কর্মরত জরুরি নন—এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার তাগিদ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
এর আগে গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে প্রথম নির্দেশনা জারি করে। তারই ধারাবাহিকতায় দূতাবাস থেকে আবারও নতুন করে এই সতর্কতা বার্তা দেওয়া হলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, সম্প্রতি ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এখন থেকে মিশনপ্রধানের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশটির বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে আবারও হামলা চালানো হতে পারে। এর ফলে বিমান চলাচল বন্ধ, ফ্লাইটের সময়সূচি বিপর্যয় এবং যাতায়াতে সার্বিক বিঘ্ন ঘটার তীব্র আশঙ্কা রয়েছে। সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে সৌদি আরবে বসবাসরত সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যাতায়াত ও ভ্রমণের খবরাখবর নিয়মিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











