মেহজাবীনের সঙ্গে তুলনার প্রসঙ্গে যা বললেন তটিনী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী তার অভিনয় ক্যারিয়ারে অল্প সময়েই ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। দর্শকরা প্রায়ই তার উত্থান ও অবস্থানের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মিল খুঁজে পান এবং দুজনের মধ্যে তুলনা টানেন। সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের এক সংবাদ সম্মেলনে এই তুলনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তটিনী।
অভিনেত্রী জানান, প্রায়শই তাকে মেহজাবীনের সঙ্গে তুলনা করা হয় এবং তিনি বিষয়টি ইতিবাচকভাবেই নেন। গুণী এই শিল্পীর সঙ্গে নাম আসায় তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বেড়েছে বলে মনে করেন তিনি।
তটিনী বলেন, ‘অনেকেই বলেন আমি মেহজাবীনের মতো, তার জায়গায় যাচ্ছি। কিন্তু কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না বা কারও জায়গায় নিজেকে ভাবাও ঠিক নয়। শিল্প অঙ্গনে এই তুলনা চলে না। মেহজাবীন আপু অনেক বড় ও গুণী একজন শিল্পী। তবে তার মতো অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হলে ভালোই লাগে, এটি বড় একটি পাওয়া।’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য মেহজাবীন চৌধুরী একটি বড় উদাহরণ। তার কাজের সততা, পরিশ্রম এবং দীর্ঘ অভিজ্ঞতা থেকে জুনিয়র শিল্পীদের অনেক কিছু শেখার আছে। সিনিয়রদের কর্মতৎপরতা ও ব্যক্তিত্বকে অনুসরণ করার গুরুত্ব তুলে ধরে তটিনী জানান, অভিনয়ে আসার পর থেকেই অনেকেই তাকে মেহজাবীনের কাজ এবং আচার-আচরণ অনুসরণ করার পরামর্শ দিয়েছিলেন।
উল্লেখ্য, বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-তে অভিনয়ের সুবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তটিনী। এই নাটকে তাকে গ্রাম থেকে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসা এক তরুণীর চরিত্রে দেখা যাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











