৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

২৬ অক্টোবর ২০২৬ - ১৬:৪০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মতো বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

​সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী জানান, দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে কর্মসূচির খসড়া চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় ঢাকাসহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও র‍্যালির আয়োজন করা হবে। ওইদিন সকাল ১১টায় দলের শীর্ষ নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন।

​কর্মসূচির অংশ হিসেবে সহযোগী ও অঙ্গসংগঠনগুলো বিশেষ পোস্টার প্রকাশ করবে। ৬ নভেম্বর আলোচনা সভার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

​সংবাদ সম্মেলনে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ১৯৭৫ সালের এই দিনটি দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের মূল চেতনা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করা। ১৯৭৫ সালের রাজনৈতিক সংঘাত ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ৭ নভেম্বরের বিপ্লব সংঘটিত হয়েছিল এবং এর মাধ্যমেই দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার হয়।

​তিনি আরও বলেন, সংকটময় মুহূর্তে ১৯৭১ সালে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ৭৫-এর পটপরিবর্তনের পর তিনি জাতীয় রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে আসেন। বাকশালের সময় বন্ধ হওয়া সংবাদপত্রগুলো চালুর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

​জুলাই আন্দোলনের সঙ্গে ৭ নভেম্বরের চেতনার সংযোগ রয়েছে উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছিল। সবার সম্মিলিত অংশগ্রহণে ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটে এবং দেশে পুনরায় গণতন্ত্রের পথ সুগম হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0