সংরক্ষিত নারী আসনে বিএনপির উপনির্বাচনে প্রার্থী এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে (মহিলা-২৩) উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। ২৬ অক্টোবর (সোমবার) দুপুরে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক শূন্য ঘোষিত সংরক্ষিত আসনটিতে এলিজা জামানকে দল ও জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। আগামী ২৭ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাইয়ে বাতিল বা গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর তা নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর, আর ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একক প্রার্থী থাকলে এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
উল্লেখযোগ্য, সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় জাতীয় সংসদের আসনটি শূন্য ঘোষণা করেছিল সংসদ সচিবালয়। পরবর্তীতে নির্বাচন কমিশন এ উপনির্বাচনের আয়োজন করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











