যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত বাবা
যশোরের মণিরামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তার দুই বছর বয়সী শিশুপুত্র প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় শিশুটির বাবা গুরুতর আহত হয়েছেন। গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার হানুয়ার বাজারের গালদা-তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মৌসুমি বেগম (৩৫) এবং তার দুই বছরের শিশুপুত্র আব্দুর রহমান। আহত ব্যক্তির নাম ওমর ফারুক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে যশোর থেকে চিকিৎসক দেখিয়ে স্ত্রী মৌসুমি বেগম ও শিশুপুত্র আব্দুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওমর ফারুক। পথিমধ্যে হানুয়ার বাজারের গালদা-তালতলা মাঠ এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে পড়ে।
প্রাসঙ্গিক সংবাদ
- যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু
- যশোরে করিমন চুরির অভিযোগে ধাওয়া খেয়ে খালে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১
- যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের সজোরে ধাক্কা, হেলপার নিহত
- যশোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার যুবকের মৃত্যু
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৌসুমি বেগম ও তার ছেলে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, স্বজনেরা হাসপাতাল থেকে নিহত মা ও ছেলের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। মর্মান্তিক এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











