কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত ১
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিয়ান জাকারিয়া ওরফে মামুন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় রাশেদ হোসেন (২২) নামের অপর এক তরুণ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের কবরস্থানসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুংগলী গ্রামের দুলালের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মামুন ও রাশেদ মোটরসাইকেলে করে কুমারখালীর পান্টি ইউনিয়নের সান্দিয়ারা এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওয়াশী গ্রামের কবরস্থানের কাছাকাছি পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়, ফলে দুই বন্ধু গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। অপর আহত তরুণ রাশেদ বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











