মুম্বাইয়ে কনসার্টে মাঝপথে শিল্পা রাওয়ের গান বন্ধ, আয়োজকদের ক্ষমা প্রার্থনা

২৫ অক্টোবর ২০২৬ - ১৭:৪৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মুম্বাইয়ে কনসার্টে মাঝপথে শিল্পা রাওয়ের গান বন্ধ, আয়োজকদের ক্ষমা প্রার্থনা
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত বলিউড মিউজিক প্রজেক্টের (বিএমপি) দশম বর্ষপূর্তির অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছেন জনপ্রিয় গায়িকা শিল্পা রাও। শনিবারের এই অনুষ্ঠানে তার পরিবেশনা শেষ হওয়ার আগেই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

​হিন্দুস্থান টাইমসসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনসার্টে গান গাওয়ার সময় শিল্পার মাইক্রোফোনে দফায় দফায় কারিগরি ত্রুটি দেখা দেয়। প্রথম মাইক্রোফোনটি নষ্ট হওয়ায় তাকে কিছু সময় অপেক্ষা করতে হয়। পরবর্তীতে বিকল্প মাইক্রোফোনেও একই সমস্যার মুখোমুখি হন তিনি। কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনের পর ‘চুট্টামল্লে’ গানটি গাওয়ার সময় হঠাৎ তার মাইক্রোফোনটি বন্ধ করে দেওয়া হয়, যা গায়িকাকে চরম বিচলিত করে তোলে।

​পরিস্থিতি আরও জটিল রূপ নেয়, যখন মঞ্চের অন্য পাশে গায়ক কুটলে খান ও তার ব্যান্ড ‘দ্য কুটলে খান প্রজেক্ট’ তাদের পরিবেশনা শুরু করে দেন। ওই সময় দর্শকদের ধন্যবাদ জানাতে ও অপেক্ষার জন্য দুঃখ প্রকাশ করতে মঞ্চে পুনরায় আসেন শিল্পা। তবে কুটলের পরিবেশনা শুরুর আগেই আবারও তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। ফলে তিনি দর্শকদের কাছে বিদায় বা কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাননি।

​শিল্পার মতো একজন প্রথিতযশা শিল্পীর সঙ্গে এমন আচরণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত দর্শক ও নেটিজেনরা। এই সমালোচনার মুখে পরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে বলিউড মিউজিক প্রজেক্টের আয়োজক কর্তৃপক্ষ। বিবৃতিতে শিল্পা রাও, তার দল এবং অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়।

​আয়োজকদের দাবি, স্থানীয় প্রশাসনের কঠোর নিয়ম এবং অনুষ্ঠানস্থলের নির্ধারিত সময়সীমা মেনেই তাদের চলতে হয়। দিনের বিভিন্ন কার্যক্রমে বিলম্ব হওয়ার কারণে শিল্পার পরিবেশনা নির্ধারিত সময়ের আগেই গুটিয়ে নিতে বাধ্য হন তারা। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

​এদিকে আয়োজকদের এই সময়ের বাধ্যবাধকতার ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কারণ, অপর শিল্পী হিমেশ রেশমিয়ার পরিবেশনা নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও তিনি তার নির্ধারিত গানগুলো গেয়ে যান। রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত তার মঞ্চে থাকার কথা থাকলেও দেরি করে শুরু করায় তিনি রাত ১০টার পরও গান পরিবেশন করেন এবং দর্শকদের সামনে সিনেমা প্রচারের অংশ হিসেবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকেও আমন্ত্রণ জানান। পরবর্তীতে রাত ১০টা ১৩ মিনিটে তার মাইক্রোফোন বন্ধ করা হয় এবং এরপরও তিনি আরও কিছু সময় মঞ্চে অবস্থান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0