দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার নতুন বার্তা নিয়ে আজ ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার
বাংলাদেশ ও জার্মানির মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার রূপরেখা নির্ধারণ ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে আজ রবিবার (২৫ অক্টোবর) ঢাকায় পৌঁছাচ্ছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। তিনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
শনিবার সন্ধ্যায় ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্তভাবে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার জার্মানি এই আলোচনার মাধ্যমে যৌথ অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার কথা বিবেচনায় রেখে প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা ও সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হবে।
সফরকালে ড. বারবেল কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রামে পরিচালিত একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখবেন। এ ছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত 'জার্মান রিইউনিফিকেশন ডে'র বিশেষ উৎসবে অংশ নেবেন। অনুষ্ঠানে উভয় দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে। ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক পুনঃ একত্রীকরণকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফর বাংলাদেশের টেকসই ও সার্বিক উন্নয়নে পাশে থাকার বিষয়ে জার্মানির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











