ইয়েমেনের এডেনে নৌ-ঘাঁটি ও সামরিক শিবিরে হুতিদের হামলা
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের একটি নৌ-ঘাঁটি ও সামরিক শিবিরে সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শনিবার (২৪ অক্টোবর) শহরটিতে একের পর এক বিস্ফোরণের পর এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, এডেনের আল-নাসর সামরিক শিবির ও নৌ-ঘাঁটিতে অবস্থানরত সৌদি বাহিনীকে লক্ষ্য করে তাদের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে। ওই স্থাপনা দুটি মূলত সৌদি বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল।
উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এডেন। সৌদি-সমর্থিত ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধরত হুতি বিদ্রোহীরা সম্প্রতি শহরটিতে হামলার মাত্রা বৃদ্ধি করেছে। এর আগে প্রেসিডেন্ট প্রাসাদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে তারা হামলা চালায়।
গত বুধবারও এডেনে অবস্থানরত সৌদি বাহিনীর ওপর হামলার দাবি করেছিল গোষ্ঠীটি, যা নিয়ে এডেন বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তার আগের সপ্তাহে এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার ভেতরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
এদিকে, শনিবার এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় পরপর চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় সাংবাদিকরা। তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ, মূল লক্ষ্যবস্তু এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










