জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন তারেক রহমান
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের এক সরকারি সফরে টোকিওর উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। দ্বিপক্ষীয় এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি 'জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম'-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানি ব্যবসায়ী ও উদ্যোক্তা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাইকা (JICA), জেট্রো (JETRO), জেবিআইসি (JBIC) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ইউনিক্লো'র সদর দপ্তর এবং বিখ্যাত 'টয়োটা'র মোটরযান কারখানা পরিদর্শনের সম্ভাব্য কর্মসূচিও রয়েছে তাঁর।
কূটনৈতিক সূত্র জানায়, এই সফরে বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও চলমান উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (EPA) কার্যকর বাস্তবায়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ বিষয়ে জানান, কৃষি, মৎস্য সম্পদ, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থা আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (MoU) সই কিংবা নতুন সহযোগিতার ঘোষণা আসতে পারে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতার বিষয়গুলোও বৈঠকে আলোচনার টেবিলে উঠে আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











