সৌদিতে ৭টি হামলার দাবি হুতিদের, মক্কা ও মদিনা অভিমুখে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা লক্ষ্য করে সাতটি পৃথক সামরিক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হুতি। অপরদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, দেশের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শূন্যে সফলভাবে প্রতিহত করা হয়েছে। আকাশেই ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করার পর সেগুলোর খণ্ডবিখণ্ড অংশ মক্কাসহ কয়েকটি পশ্চিমাঞ্চলীয় এলাকায় গিয়ে পড়েছে।
হুতি গোষ্ঠীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তাদের এই সামরিক অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর অবকাঠামো এবং রাবিগ তেল শোধনাগার। এ ছাড়া দেশের পূর্ব অঞ্চল থেকে পশ্চিমে অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের প্রধান পাইপলাইন ও পাম্পিং স্টেশনগুলোতেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
সংগঠনটি আরও উল্লেখ করে, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে পরিচালিত এই সামরিক হামলা সফল হয়েছে বলে হুতিদের পক্ষ থেকে দাবি করা হলেও, এর ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরপেক্ষ সূত্রে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রতিহত করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় গিয়ে পড়ে। এর বাইরে জেদ্দার আল নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ সেন্টারেও বেশ কিছু ক্ষেপণাস্ত্রের অংশ পতিত হয়। আকস্মিক এই পরিস্থিতি মোকাবিলায় সিভিল ডিফেন্সের জরুরি দল তাৎক্ষণিক তৎপরতা চালায় এবং নির্ধারিত সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করে।
আন্তর্জাতিক রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পবিত্র স্থান মক্কা ও মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। তারা জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল কেবল সৌদি আরবের সামরিক অবকাঠামো ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











