১০ মাসের নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেতা মারিয়া মাচাদো

২৬ অক্টোবর ২০২৬ - ০৯:৪৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১০ মাসের নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেতা মারিয়া মাচাদো
ছবি সংগৃহীত

প্রায় দশ মাস বিদেশে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় প্রত্যাবর্তন করেছেন বিরোধী দলের অন্যতম শীর্ষ নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো। একাধিকবার দেশে ফেরার প্রচেষ্টায় বাধা পাওয়ার পর, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তার মাধ্যমে নিজ দেশে উপস্থিত থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেন। মাচাদো সেখানে লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’

​উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার নিতে গিয়ে গোপনীয়তা রক্ষা করে ভেনেজুয়েলা ত্যাগ করেছিলেন মাচাদো। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও পানামা থেকে নিজের রাজনৈতিক কার্যাবলি পরিচালনা করেন তিনি। মাচাদোর রাজনৈতিক দলের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত তিন মাসে যুক্তরাষ্ট্র, পানামা ও কুরাসাও থেকে তিনি সাতবার দেশে ফেরার উদ্যোগ নিলেও তৎকালীন ভেনেজুয়েলা সরকারের নিষেধাজ্ঞার কারণে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি।

​মাচাদোর দেশত্যাগের কয়েক সপ্তাহের মাথায় ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর মাধ্যমে আটক করা হয় এবং বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদুরোর আটকের পর বর্তমানে দেশটির উপপ্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।

​মাচাদো মাদুরোকে আটক করার এই মার্কিন পদক্ষেপর প্রশংসা করেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে সন্তোষ প্রকাশ করলে রাজনীতিতে মাচাদোর প্রত্যাবর্তন পেছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার গুঞ্জন ওঠে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানান, যুক্তরাষ্ট্রের সহায়তায় আয়োজিত রাজনৈতিক পুনর্মিলন আলোচনার ফলশ্রুতিতেই মাচাদোর নিরাপদে ফেরার পরিবেশ তৈরি হয়েছে। এ আলোচনার মাধ্যমে ইতোমধ্যে প্রচুর রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছেন এবং অনেক নির্বাসিত নেতা দেশে ফিরেছেন বলে তিনি উল্লেখ করেন।

​অন্যদিকে, মাচাদোর প্রত্যাবর্তনের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না। তবে মাচাদোকে 'খুব ভালো একজন নারী' আখ্যা দিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন তিনি যেন সম্পূর্ণ নিরাপদে থাকেন।

​গত সপ্তাহে ভেনেজুয়েলার সাধারণ জনগণকে রাজপথে নামার পাশাপাশি দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছিলেন মাচাদো, যা অন্তর্বর্তী রদ্রিগেজ সরকারের প্রতি তার প্রধান দাবির একটি। মাচাদোর প্রত্যাবর্তনের পর দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ, ক্ষমতাধীন শাভিসমপন্থী গোষ্ঠী, বিরোধীদের অবস্থান ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে মাচাদোর দেশে ফেরার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখা যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0