বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে যুক্তরাজ্য ও স্পেন সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করা এবং সাংস্কৃতিক সহযোগিতা প্রসারের লক্ষ্য নিয়ে সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামীকাল ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁর এই সফর নির্ধারিত রয়েছে। এই সফরকালে দুই দেশের সাথে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম ধাপে প্রতিমন্ত্রী স্পেনের সেভিলে যাবেন। সেখানে ২৬ অক্টোবর আয়োজিত তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। ‘শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এবারের এক্সপোটি আয়োজন করছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। মূলতঃ স্পেনের প্রস্তুতকারক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশের রপ্তানিকারকদের সংযোগ ঘটিয়ে বাণিজ্য ও নতুন যৌথ বিনিয়োগ নিশ্চিত করাই এই মেলার মূল লক্ষ্য।
স্পেনের নির্ধারিত কর্মসূচির সমাপ্তি ঘটিয়ে আগামী ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য অবস্থান করবেন শামা ওবায়েদ ইসলাম। সফরকালে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের সংস্কৃতি ও শিল্পকলা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতি বিকাশের বিভিন্ন পথ অনুসন্ধান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক কূটনীতি প্রসার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











