মৌলভীবাজার সীমান্তে ২৫-৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি বনাঞ্চল সংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে ৫২ বিজিবির একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি নিবিড় নজরদারি এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বিজিবি। সূত্র জানায়, এই পুশইন প্রচেষ্টার মধ্যে ভারতের এক মানসিক ভারসাম্যহীন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টাও অন্তর্ভুক্ত ছিল।
এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ শক্ত হাতে প্রতিরোধ করতে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করতে ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তির নজরদারির পাশাপাশি দিন ও রাতে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ভৌগোলিক দুর্গমতা কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো কিছুই দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির আভিযানিক দায়িত্বে বাধা হয়ে দাঁড়াতে পারে না। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, অখণ্ডতা বজায় রাখা এবং দেশের সর্বস্বার্থে ৫২ বিজিবি সবসময় বদ্ধপরিকর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











