আলমডাঙ্গায় অবৈধ ক্লিনিক ও চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মালিকের কারাদণ্ড

২৫ অক্টোবর ২০২৬ - ২০:৩৩
প্রকাশিত: ৩৪ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় অবৈধ ক্লিনিক ও চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মালিকের কারাদণ্ড
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরে প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসক ও নার্স ছাড়াই ক্লিনিক পরিচালনা এবং ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে লোকমান হোসেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক লুৎফর হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​রোববার (২৫ অক্টোর) চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই ক্লিনিকে একটি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল এই দণ্ডাদেশ ঘোষণা করেন।

​প্রশাসন সূত্রে জানা যায়, লোকমান হোসেন হসপিটালে সরকারি বিধি মোতাবেক চিকিৎসা সেবা দেওয়ার মতো পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ছিল না। এমনকি ক্লিনিকটির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং বৈধ কোনো সরকারি লাইসেন্স বা পরিবেশগত ছাড়পত্রও তাদের ছিল না। এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও মালিক তা তোয়াক্কা না করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি ওই ক্লিনিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সারদার চর গ্রামের রবি হোসেনের স্ত্রী সনিয়া খাতুনের (২৮) সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন সম্পন্ন হওয়ার পর প্রসূতি সনিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণ ও চিকিৎসাগত ত্রুটির কারণে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

​অভিযান সমাপ্তির পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল পূর্বের নিষেধাজ্ঞা বহাল রাখেন। তিনি জানান, পর্যাপ্ত জনবল, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত উক্ত ক্লিনিকের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা এসব অবৈধ চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0