ইতালিতে যুদ্ধ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কড়া নিরাপত্তার মধ্যেও বিক্ষোভ-সহিংসতা
যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইতালির প্রধান শহরগুলোতে ফের বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ দেশজুড়ে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করলেও উত্তেজনা কমানো সম্ভব হয়নি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের অনেক দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
এর আগে গত সপ্তাহান্তেও দেশটিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতি সপ্তাহে নতুন করে আন্দোলনের ডাক ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এ বিক্ষোভে সরাসরি কোনো দোকানে লুটপাট বা বড় ধরনের সম্পত্তি ভাঙচুরের ঘটনা চোখে পড়েনি।
ইতালীয় পুলিশ বিভাগ জানিয়েছে, গত ১৭ অক্টোবরের আন্দোলন সংগঠিত করার কাজে যুক্ত থাকার অভিযোগে শনিবার এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিলানের পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
এদিকে, শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বারতায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহিংসতার তীব্র নিন্দা জানান। তিনি আন্দোলনকারী ও সাধারণ নাগরিক—উভয়ের সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চান কিংবা স্বাভাবিক কাজকর্ম ও বসবাস বজায় রাখতে চান, তাদের সুরক্ষার বিকল্প নেই। তবে আন্দোলনের নামে যারা কেবল সহিংসতা ও সংঘাত সৃষ্টি করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











