অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি আত্মসাতের মামলা: অধিকতর তদন্তে সিআইডি

২৫ অক্টোবর ২০২৬ - ২১:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি আত্মসাতের মামলা: অধিকতর তদন্তে সিআইডি
ছবি: সংগৃহীত

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর দায়ের করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলার এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

​রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে এই আদেশ জারি করেন।

​বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করেন। শুনানিতে সকল সাক্ষীর জবানবন্দি নেওয়ার পর আদালত সিআইডিকে অধিকতর তদন্ত করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

​মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউজ রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরিধানের উদ্দেশ্যে তানজিন তিশা সেখান থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। কথা ছিল অনুষ্ঠান শেষে পরদিনই শাড়িটি ফেরত দেওয়া হবে। তবে তা ফেরত না দেওয়ার অভিযোগ তোলেন সানায়া। শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগও আনা হয় এই অভিনেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় জিডি এবং ২৭ নভেম্বর ঢাকার আদালতে আনুষ্ঠানিকভাবে মামলাটি করেন সানায়া।

​এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. জাহাঙ্গীর আলম গত ২৫ মে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাননি মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন এবং তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। তবে বাদীপক্ষ সে প্রতিবেদনে নারাজি জানালে আদালত সিআইডিকে পুনর্বার তদন্তের দায়িত্ব অর্পণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0