ইরান ইস্যুতে চুক্তি নাকি সামরিক পদক্ষেপ: যে প্রশ্নের উত্তর খুঁজছেন ট্রাম্প
ইরান নীতির পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে নতুন কোনো সমঝোতা বা চুক্তিতে যাবেন, নাকি দেশটিকে সামরিকভাবে পুরোপুরি নিশ্চিহ্ন করবেন—এই দুই বিকল্প নিয়েই তিনি বর্তমানে ভাবছেন।
রোববার ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে এখন মূল সিদ্ধান্ত নেয়ার বিষয় একটাই; তিনি কি তাদের সঙ্গে চুক্তি করবেন, নাকি তাদের শেষ করে দেবেন।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালির ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান এই পথ বন্ধ বা বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও বর্তমানে তা মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর কার্যকর অবরোধের প্রশংসা করার পাশাপাশি তিনি দাবি করেন, যুদ্ধের আগের চেয়েও বর্তমানে এই রুট দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বহুগুণ বেড়েছে।
এছাড়া ইরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে জানান ট্রাম্প। এখনো অক্ষত থাকা ওই স্থাপনাটির ভেতরের সব কর্মকাণ্ড ওয়াশিংটনের নজরদারিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানকার প্রতিটা সূক্ষ্ম বিষয় সম্পর্কে তারা অবগত।
এর আগে শনিবারও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও নতুন সামরিক ব্যবস্থা নিতে পারে অথবা একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে পারে। যদিও তেহরান শেষ পর্যন্ত চুক্তির শর্ত মেনে চলবে কি না তা নিয়ে মার্কিন প্রশাসন সংশয়ে রয়েছে, তবে যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়া সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সুত্র: আনাদোলু এজেন্সি
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











