ছয় মাসের সর্বোচ্চ চূড়া থেকে কমল তেলের দাম, বিশ্ব বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বহাল

২৬ অক্টোবর ২০২৬ - ০৯:৫৪
প্রকাশিত: ৫২ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ছয় মাসের সর্বোচ্চ চূড়া থেকে কমল তেলের দাম, বিশ্ব বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বহাল
ছবি: সংগৃহীত

গত সপ্তাহের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রায় ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারে তেলের দাম কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় অব্যাহত হামলার ঘটনায় বৈশ্বিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি।

​বাজার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলে ২.১৪ ডলার বা ২.০৭ শতাংশ কমে ১০১.১৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড ক্রুড ফিউচার্সের দাম ২.১২ ডলার বা ১.৮২ শতাংশ কমে প্রতি ব্যারেল ১১৪.৬০ ডলারে নেমে এসেছে।

​এর আগে সৌদি আরবে হুথিদের হামলায় সরবরাহ ব্যবস্থার ওপর মারাত্মক ঝুঁকি তৈরি হলে গত শুক্রবার বাজারে তেলের দাম ব্যারেলে প্রায় ৩ ডলার পর্যন্ত বেড়েছিল। ফলে গত সপ্তাহে ব্র্যান্ড ক্রুডের দাম ৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (WTI) ক্রুডের দাম ২.৩ শতাংশ বৃদ্ধি পায়।

​উদ্বেগ বাড়িয়ে সপ্তাহান্তেও হামলা অব্যাহত রেখেছে হুথি গোষ্ঠী। গত শনিবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার দাবি করে সংগঠনটি। রবিবার সৌদি আরব জানায়, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। হুথিদের হামলার পর ক্ষয়ক্ষতি সামলে সৌদি আরব তাদের প্রধান বিমানবন্দরে আংশিক কার্যক্রম চালু করলেও গোষ্ঠীটি হামলা চালিয়ে যাওয়ার হুংকার দিয়েছে।

​একই দিনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরবরাহ শৃঙ্খলের সক্ষমতা জোরদার করতে একটি বড় উদ্যোগের কথা নিশ্চিত করা হয়েছে। এশীয় অঞ্চলে তেলের বাজার স্থিতিশীল রাখতে ২০২৭ সালের দ্বিতীয় অর্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত শুরু করবে সৌদি আরব।

​এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগ শুক্রবার জানিয়েছে, দেশটির লুইজিয়ানা পরিশোধনাগারে সরবরাহ বিঘ্ন দূর করতে তারা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড় করার অনুমোদন দিয়েছে।

সুত্র : রয়টার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0