জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর ২০২৬ - ১৪:১৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

​টোকিও (জাপান) থেকে শফিকুল ইসলাম:

জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে স্থানীয় সময় বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে মিলিত হয়।

​বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​দ্বিপক্ষীয় সম্পর্ক ও অতীত স্মৃতিচারণ

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে ধারাবাহিক অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান। ২০০৬ সালে বিএনপি-র তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরকালে তারো আসোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর অতীত সাক্ষাতের বিষয়টি স্মরণ করেন।

​প্রধানমন্ত্রী বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

​জাপানি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ

বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর উপস্থিতি এবং বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার কথা উল্লেখ করে তারো আসো জানান, দেশে এখন বিনিয়োগের দারুণ অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে বহু জাপানি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের জন্য গভীর আগ্রহ প্রকাশ করছে।

​জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তাঁর সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় আইনি সংস্কার সাধন করছে। একই সঙ্গে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতের নেওয়া উদ্যোগসমূহ তুলে ধরেন তিনি।

​বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে দেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য প্রসার এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

​বৈঠকে উপস্থিত ছিলেন যারা

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​এছাড়াও প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​জাপানি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জাপানের সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ সেদেশের সংসদের জ্যেষ্ঠ সদস্যরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0