যশোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার যুবকের মৃত্যু

০৫ অক্টোবর ২০২৬ - ১৪:০১
প্রকাশিত: ১৬ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার যুবকের মৃত্যু
গণপিটুনিতে আহত মিজানুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু । ছবি সংগৃহীত

যশোরের চৌগাছায় গরু চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

​নিহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার বাটকেমারি গ্রামের বাসিন্দা ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) গভীর রাতে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করে তিনজনের একটি দল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক হাঁকডাক শুরু করলে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিজানুর রহমানকে ধরে ফেলেন স্থানীয়রা; তবে বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা মিজানুরকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

​গরুর মালিক ইদ্রিস আলী জানান, রাতে বাইরে বের হয়ে গোয়ালঘরের কাছে তিনজনকে তালা ভাঙার চেষ্টা করতে দেখে তিনি চিৎকার করেন। প্রতিবেশীদের সহায়তায় একজনকে আটক করা গেলেও অন্য দুজন পালিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, প্রায় এক বছর আগেও তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।

​সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ আশঙ্কাজনক অবস্থায় মিজানুরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজা উদ্দিন জানান, শরীরে অতিরিক্ত আঘাতের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখতে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0