জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে জোর

২৭ অক্টোবর ২০২৬ - ১০:১৫
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে জোর
ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়।

​প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেখানে বাংলাদেশ সরকারের প্রধানকে সুসজ্জিত সশস্ত্র বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং উভয় নেতা সমন্বিত গার্ড পরিদর্শন করেন।

​সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আনুষ্ঠানিকতা শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুই নেতা একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন। এ বৈঠকের ফলাফল নিয়ে পরবর্তীতে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

​এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (কানতেই) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। সেখানে শুভেচ্ছা বক্তব্য ও পানপাত্র উত্থাপনের পর্ব থাকবে। শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানি সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা প্রাধান্য পাচ্ছে।

​বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা টাঙানো হয়। চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

​এর আগে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার সকালে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে। সফরের প্রথম দিনে তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকা (JICA) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন।

​মারুবেনি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বাণিজ্য, ইপিএ বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি, শক্তি ও কাফকোর আধুনিকায়নসহ নতুন সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জাইকা প্রধানের সঙ্গে বৈঠকে পরিকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্পের ত্বরান্বিতকরণ, প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠা ও কৃষি আধুনিকায়ন নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

​সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0