সীতাকুণ্ডে বিকল বাস থেকে নেমে মহাসড়কে অপেক্ষা, লরিচাপায় শিশুসহ নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী 'শাপলা পরিবহন'-এর একটি বাস মহাসড়কের কুমিরা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। চালক বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন। এ সময় বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রী নেমে মহাসড়কের পাশে কাঠ ও গাছের গুঁড়িতে বসে অপেক্ষা করতে থাকেন।
ঠিক তখনই চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ও কাঠের গুঁড়িতে বসে থাকা যাত্রীদের সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও দুজনের মৃত্যু ঘটে।
নিহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছরের শিশুসন্তান রাকিবের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়। পুলিশ বাকি নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ঘাতক লরিটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











