আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টে সাজু দ্যা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে প্রবাসী আরাফাত ইসলামের সার্বিক উদ্যোগে একটি আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভাংবাড়ীয়ার ঐতিহ্যবাহী ফুটবল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় দুটি পরিচিত দল—দাসপাড়া ইয়াং স্টার ক্লাব এবং সাজু দ্যা টাইগার ক্লাব। ফাইনালের মহারণে শুরু থেকেই চমৎকার আক্রমণ ও গোছানো ফুটবল উপহার দেয় দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত দাসপাড়া ইয়াং স্টার ক্লাবকে ৩-০ গোলের বড় ব্যবধানে দাসপাড়া ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভাংবাড়ীয়ার সাজু দ্যা টাইগার ক্লাব। ফাইনাল ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা পুরো মাঠের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
ম্যাচ শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের চমৎকার ক্রীড়াশৈলীর জন্য অভিনন্দন জানান।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় জামায়াতের প্রস্তুতি সভা: ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান
- চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে ঢাকা বিরিয়ানী হাউজকে জরিমানা
- আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার
- চুয়াডাঙ্গায় এমপি রাসেল ও জামায়াত সম্পাদকের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণে
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
প্রধান অতিথির বক্তব্যে সাজিবুল হক রাজন বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। এটি যুবসমাজকে মাদক এবং সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বড় ধরনের ভূমিকা পালন করে। তিনি তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ রেফারি জুয়েল রানা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, প্রবাসীর এমন উদ্যোগ এলাকার তরুণদের খেলাধুলায় আরও বেশি অনুপ্রাণিত করবে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
1
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











