রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাভেদ আখতার

২৭ অক্টোবর ২০২৬ - ১৬:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন জাভেদ আখতার
ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতনামা গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে এক মন্তব্যে ভুল করার পর ক্ষমা চেয়েছেন। রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি তাকে ‘তামিল অভিনেত্রী’ বলে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।

​এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া একটি পোস্টে জাভেদ আখতার স্পষ্ট করেন যে, তিনি রাশমিকাকে ব্যক্তিগতভাবে চেনেন না। তবে তিনি যে সিনেমাটি দেখেছেন, তা তামিল ভাষার ছিল। তার মতে, অভিনেত্রী তামিল, তেলুগু, মালয়ালাম কিংবা কন্নড়—কোন অঞ্চলের বা ভাষার, সেটি বড় বিষয় নয়।

​এর আগে রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়ে চলা নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ করে জাভেদ লিখেছিলেন, যাঁদের রাশমিকার উচ্চারণ নিয়ে সমস্যা আছে, তাঁদের তামিল ভাষায় কয়েকটি বাক্য বলার চ্যালেঞ্জ দেওয়া উচিত। তিনি উল্লেখ করেছিলেন যে তামিল বিশ্বের প্রাচীনতম কথ্য ভাষাগুলোর একটি এবং ভাষাগত শ্রেষ্ঠত্বের ভুয়া ধারণা গ্রহণযোগ্য নয়।

​তবে ওই পোস্টে রাশমিকাকে তামিল অভিনেত্রী বলায় নেটিজেনরা তাকে সংশোধন করেন। তারা জানান, রাশমিকা মূলত কর্ণাটকের কোডাগু অঞ্চলের বাসিন্দা এবং কন্নড়ভাষী। পরে এই সংশোধনগুলো নজরে আসার পর জাভেদ আখতার নিজের ভুল স্বীকার করে লেখেন, ‘আমার ভুল সংশোধন করা হলো।’

​উল্লেখ্য, রাশমিকা কন্নড়, তেলুগু, তামিল ও হিন্দি ভাষার সিনেমায় কাজ করে বেশ পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কফি উইথ করণ’–এর নবম মৌসুমে উপস্থিত হওয়ার পর তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে অনলাইনে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0