জাপানের সেমিনারে ডা. জুবাইদা রহমান: দেশের স্বাস্থ্যসেবা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশের স্বাস্থ্যসেবা, গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো খাতকে আরও উন্নত করতে আন্তর্জাতিক সহযোগী সংস্থা ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।
জাপানের রাজধানী টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত এক বিশেষ স্বাস্থ্যবিষয়ক সেমিনারে অংশ নিয়ে তিনি এই আহ্বান ব্যক্ত করেন। সেমিনারে তিনি জানান, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নিয়েছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সুবিধাবঞ্চিতদের জন্য সুযোগ সম্প্রসারণে কাজ চলছে। এছাড়া জীবনমান উন্নয়নে কর্মসংস্থানমুখী শিক্ষা ও ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সহায়তামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
পেশাগত দিক থেকে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য খাতকে নিজের গভীর আগ্রহের বিষয় উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া জরুরি। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে। দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের উদীয়মান চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে 'স্বাস্থ্য কূটনীতি' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করে তিনি জানান, টেকসই ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার যেকোনো ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতা ও সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
টোকিওতে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











