যশোরের ঝিকরগাছায় একাধিক হত্যা মামলার আসামি ‘সাকা বাহিনী’ প্রধানের মরদেহ উদ্ধার
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাওসো গ্রাম থেকে একাধিক হত্যা মামলার আসামি ও স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান সাখাওয়াত হোসেন ওরফে সাকার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে বাওসো এলাকার বেতনা নদীর তীরবর্তী মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের ফসলি জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সাখাওয়াত হোসেন ওরফে সাকা বাওসো গ্রামের মৃত বেলা গাজীর ছেলে। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, সাকা একসময় দক্ষিণ ঝিকরগাছা অঞ্চলে একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিতেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন। তার বিরুদ্ধে বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের আলাউদ্দিন কসাই এবং নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রবিউল ইসলাম হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এই ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী নেহার বানু (৪৫) ও ছেলে অভি হোসেনকে (১৮) হেফাজতে নিয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই মৃত্যুর পেছনের প্রকৃত কারণ এবং কারা এই ঘটনার সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











