মহেশপুরে ড্রেন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

১৩ জুলাই ২০২৬ - ২০:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মহেশপুরে ড্রেন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু
মহেশপুরে ড্রেন নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ড্রেন তৈরির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে পৌর এলাকার গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পার্শ্ববর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত শ্রমিক রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের বাসিন্দা মিলন দাসের ছেলে।

​পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর পৌরসভার ড্রেন নির্মাণের প্রকল্পে রামসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি বসতবাড়ি থেকে স্থানীয় এক আসবাবপত্রের দোকানে নেওয়া বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়। এর ফলে দোকানটির টিনের পুরো কাঠামোটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। অসচেতনতাবশত শ্রমিক রাম ওই টিনের ওপর হাত দিলে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশে থাকা অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​উক্ত নির্মাণকাজের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবিআরসি (RABRC) প্রাইভেট লিমিটেড’-এর প্রতিনিধি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাশের বাড়ির বৈদ্যুতিক সংযোগের তার থেকে ফার্নিচারের দোকানের টিনটি বিদ্যুতায়িত হয়েছিল। অসাবধানতাবশত সেখানে হাত দেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

​দুর্ঘটনার খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0