ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইউপি সদস্য মোনায়েমকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোনায়েম হোসেন (৫০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালিশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
বাড়ি ফেরার পথে হামলা
প্রাসঙ্গিক সংবাদ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কুষ্টিয়ার আব্দালপুরে একটি খেলা দেখতে যান মোনায়েম। খেলা শেষে রাতে ভায়না বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে কালিশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ওই হাসপাতালের মর্গে রয়েছে।
হত্যাকাণ্ডের বিচারে কান্নায় ভেঙে পড়ে নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, "আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পেছনে তাকে কুপিয়ে মেরে ফেলা হলো। আমি বিধবা হয়ে গেলাম, সন্তানরা এতিম হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।"
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ আসার পর ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











