শিক্ষার্থীদের ‘লং মার্চ’ কর্মসূচি: সায়েন্সল্যাব ও নীলক্ষেতসহ রাজধানীতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
এইচএসসি পরীক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ও সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (১৫ জুলাই) দুপুর থেকেই নীলক্ষেত মোড়, সায়েন্সল্যাব, শাহবাগ ও মগবাজারসহ প্রধান সড়কগুলোতে পুলিশ ও বিজিবির বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দুপুরে নীলক্ষেত মোড় এলাকায় এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পাশাপাশি সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশের অর্ধশতাধিক সদস্য। তবে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুরের দিকে সিটি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে সাধারণ শিক্ষার্থীদের কোনো ঝামেলা ছাড়াই নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে দেখা যায়। ১টা ১৫ মিনিট পর্যন্ত লং মার্চকে কেন্দ্র করে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা জমায়েত পরিলক্ষিত হয়নি। অধিকাংশ শিক্ষার্থীই অভিভাবকদের সাথে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া, পরীক্ষা স্থগিতের দাবি ও প্রশ্নপত্রের ভুল নিয়ে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি অডিও-ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। পরীক্ষার্থীরা শুরুতে আট দফা দাবি নিয়ে মাঠে নামলেও পরবর্তীতে তা তিন দফায় রূপ নেয়। দাবিগুলোর মধ্যে ছিল—অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া এবং শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা।
উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং সোমবারের স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে সরকারের এই সিদ্ধান্তের পরও আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্ত হননি। তারা বর্তমানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে অনড় থেকে নতুন করে এই ‘লং মার্চ’ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। আন্দোলনকারীরা উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারে জড়ো হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











