তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪ জুলাই ২০২৬ - ১৬:১১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে কথা বলছেন। ছবি : সংগৃহীত

দেশের নতুন ও ভবিষ্যৎ উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা প্রদানে বর্তমান সরকার সব সময় পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ইচ্ছাশক্তি থাকলে যেকোনো কঠিন পথ পাড়ি দেওয়া সম্ভব। যুবসমাজকে পথ দেখাতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সরকার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে।

​মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কঠিন পথ জয়ের আহ্বান

অনুষ্ঠানে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ জীবনযাপনের উদ্দেশ্যে একসময় তিনি ব্যবসা শুরু করলেও পরবর্তীতে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি মনে করিয়ে দেন যে, দুটি মাধ্যম একসাথে চালানো অসম্ভব হওয়ায় তিনি রাজনীতিকেই বেছে নেন। এরপর নানা অমানুষিক নির্যাতন ও ধৈর্যের পরীক্ষা দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন কিছু করার পথটি বেশ কণ্টকাকীর্ণ। তবে যেকোনো পরিস্থিতিতে সরকার তাদের ছায়া হয়ে থাকবে।

তরুণদের প্রতি অগাধ বিশ্বাস

সম্প্রতি দেশের বিজ্ঞান মেলা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের একটি ক্রীড়া উৎসবে যোগ দেওয়ার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশুদের মাঝে যে অদম্য সম্ভাবনা রয়েছে, তা দেখে রাজনীতির মাঠের সব ক্লান্তি ও হতাশা দূর হয়ে যায়। আজকের তরুণ উদ্যোক্তাদের মাঝেও সেই একই আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় যে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনার চেষ্টা করছে, তার যোগ্য উত্তরসূরি এই তরুণরাই। তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের যাত্রা

অনুষ্ঠানে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং প্রযুক্তিগত রূপান্তর তরান্বিত করতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ (startup.ictd.gov.bd) এর শুভ উদ্বোধন করেন। এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের তরুণরা সরকারি বিভিন্ন সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং ও বিনিয়োগের সুযোগ পাবেন। এছাড়াও, প্রধানমন্ত্রী নির্বাচিত ছয়টি সফল স্টার্টআপের প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন। পাশাপাশি ঐতিহ্যবাহী জামদানি পণ্য নিয়ে কাজ করা ‘রাফিহা ফ্যাশন হাউজ’-এর প্রতিষ্ঠাতা লুৎফুন্নেসা মেঘনার তাৎক্ষণিক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকেও একটি বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়।

​উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্যোগগুলোর বিকাশ ও অর্থায়নে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে।

​অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0