এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের
টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করাসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ঘেরাও করেছেন পরীক্ষার্থীদের একাংশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। এর আগে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
জানা গেছে, আজ বেলা পৌনে ১২টার দিকে '২০২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী' পরিচয়ে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে তারা একটি মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করেন। দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি উপাচার্য (ভিসি) চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলে শিক্ষার্থীরা পলাশী মোড় হয়ে বকশীবাজারে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হন এবং বোর্ড কার্যালয় ঘেরাও করেন।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি:
- দেশের চলমান বন্যা ও বৈরী আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।
- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা।
- আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ সহ শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, তারা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো মনোযোগ সহকারে শুনছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং বোর্ড কর্তৃপক্ষও এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











