গণমাধ্যম সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখা রাষ্ট্র ও সমাজের বাধ্যবাধকতা: তথ্যমন্ত্রী

২৮ জুলাই ২০২৬ - ০০:১৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গণমাধ্যম সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখা রাষ্ট্র ও সমাজের বাধ্যবাধকতা: তথ্যমন্ত্রী
বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি:বাসস

বরিশাল বিভাগে কর্মরত সাংবাদিকদের কল্যাণ নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম যেকোনো সমাজ ও রাষ্ট্রের আয়না হিসেবে কাজ করে। এই পেশার মাধ্যমে নিজের মনন, বুদ্ধিমত্তা ও বিবেকের সর্বোচ্চ চর্চা করার এক বিশাল ক্ষেত্র রয়েছে। তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো সভ্য ও উন্নত সমাজ সংবাদপত্র এবং সাংবাদিকতা ছাড়া সামনে এগিয়ে যেতে পারে না।

​বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্দ্যোগে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনায় মন্ত্রী উল্লেখ করেন, গণমাধ্যম খাতকে সার্বিকভাবে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো স্থায়ী ও শক্তিশালী অবকাঠামো দেশে এখনও গড়ে ওঠেনি। রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখার জন্য প্রতি মুহূর্তেই গণমাধ্যমের মুখোমুখি করতে হয়; তা না হলে বিভ্রান্তি সৃষ্টি হয়ে সার্বিক ক্ষতি হতে পারে। আর এটি নিশ্চিত করাই পেশাদার সাংবাদিকতার মূল উদ্দেশ্য।

​তথ্য প্রবাহের বিপুল জোয়ারে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ চিনে নেওয়াকে বর্তমান সময়ের প্রধান প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে সংবাদমাধ্যমে দুই ধরনের মানুষের উপস্থিতি দেখা যায়, যাদের দুজনের হাতেই পরিচয়পত্র রয়েছে। একজন সততার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, অন্যজন পেশাকে কলুষিত করতে যুক্ত হয়েছেন। ফলে সৎ ও ভুয়া সাংবাদিকতার মাঝে সুনির্দিষ্ট বিভাজন তৈরি করা এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে আলাদা চিহ্নিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ কাজে শুধু সরকার নয়, সাংবাদিক সমাজকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

​মন্ত্রী আরও জানান, প্রযুক্তির আধুনিকায়নের ফলে সাংবাদিকতায় এখন ডেটা, অডিও ও ভিডিও জার্নালিজমের যুগ শুরু হয়েছে। যুগের সঙ্গে সমন্বয় করে দক্ষতা বৃদ্ধি না করলে গণমাধ্যম পিছিয়ে পড়বে। অর্থ উপার্জনের বড় সুযোগ না থাকা সত্ত্বেও যারা নিষ্ঠার সঙ্গে এ পেশায় আছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) সভাপতিত্ব করেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বিএফইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।

​মতবিনিময় সভা শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের মধ্যে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন। এর আগে সকালে তিনি বরিশালের চরকাউয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0