দুর্নীতি ও শর্ত ভঙ্গে বাতিল হবে সারের ডিলারের লাইসেন্স: কৃষিমন্ত্রী

০৫ নভেম্বর ২০২৬ - ০০:২১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দুর্নীতি ও শর্ত ভঙ্গে বাতিল হবে সারের ডিলারের লাইসেন্স: কৃষিমন্ত্রী
ছবি সংগৃহীত

সারের বরাদ্দ নিয়ে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা সরকারি শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে কোনো ডিলার যদি নিজের লাইসেন্স অন্য কারও কাছে ভাড়া বা হস্তান্তর করেন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানান তিনি।

​বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রাজশাহী বিভাগের আটটি জেলার সার, বীজ, সেচ, মৎস্য ও প্রাণিসম্পদসহ সামগ্রিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা পর্যালোচনায় এ সভার আয়োজন করা হয়।

​সার ডিলারদের কঠোর সতর্ক বার্তা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দ নেওয়া সার উত্তোলন না করলে উক্ত ডিলারকে 'ডিফল্টার' হিসেবে তালিকাভুক্ত করা হবে। কৃষকদের স্বার্থে সার বিক্রির নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেন তিনি। নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সকাল ৯টার মধ্যেই সার বিক্রির দোকান খুলতে হবে এবং বিকেল ৫টা থেকে ৬টার আগে কোনোভাবেই দোকান বন্ধ করা যাবে না।

​সীমান্তবর্তী এলাকায় সার পাচারের অপচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশগুলোতে পণ্যের দাম বেশি থাকায় অবৈধভাবে সার পাচারের এক ধরনের প্রবণতা দেখা যায়। বিশেষ করে মিয়ানমার সীমান্তে ইউরিয়া এবং ভারত সীমান্তে ডিএপি, এমওপি ও টিএসপি সারের অবৈধ পাচার রোধে প্রশাসন, পুলিশ ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) সর্বোচ্চ সতর্ক ও কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

​মাটির স্বাস্থ্য সুরক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সুষম সার ব্যবহারে সচেতন করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের সক্রিয় থাকার তাগিদ দেন মন্ত্রী। পাশাপাশি মাছ চাষে সারের সঠিক মাত্রা প্রয়োগ নিশ্চিত করতে মৎস্য কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেন। বর্তমান সরকারকে কৃষিবান্ধব উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের সার্বিক চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সার সরবরাহ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

​রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। এছাড়াও সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0