আগামী ৫ বছরে শরীয়তপুর হয়ে কুয়াকাটায় রেল চলবে: হুইপ অপু
আগামী পাঁচ বছরের মধ্যে বর্তমান সরকারের আমলেই রাজধানী ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ অপু জানান, এই মেগা প্রকল্পের ফিজিবিলিটি টেস্ট বা সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে খুব দ্রুতই যোগাযোগমন্ত্রী ও রেল সচিবকে শরীয়তপুরে নিয়ে আসা হবে। জেলাকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর অংশ হিসেবে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু কথার কথায় নয়, কাজের মাধ্যমেই শরীয়তপুরকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। সরকারের এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড সফল করতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উন্নয়নমূলক কার্যক্রমে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করলে তাকে জনগণের মুখোমুখি হতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন হলো ভবিষ্যৎ জীবন গড়ার ভিত্তি। তাই এই সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। জীবন গঠনে এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে তিনি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। পরে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের মঙ্গল কামনা করেন।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসিরউদ্দিন কালু প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











