নারী টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড: ১৪ বলে ফিফটি ভারতের প্রেমা রাওয়াতের
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় অলরাউন্ডার প্রেমা রাওয়াত। দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে উত্তরাখণ্ডের হয়ে হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে এই কীর্তি গড়েন তিনি।
গত সোমবার পুনেতে অনুষ্ঠিত এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রেমা ছয়টি চার ও চারটি ছক্কার সাহায্যে এই ফিফটি পূর্ণ করেন। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৫৭। এর আগে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল ১৫ বলের। যৌথভাবে ওই রেকর্ডের অধিকারী ছিলেন পাকিস্তানের ফাতিমা সানা, ইংল্যান্ডের মারি কেলি এবং অস্ট্রেলিয়ার লরা হ্যারিস।
প্রেমার এই বিস্ফোরক ইনিংসে ভর করে উত্তরাখণ্ড নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে অধিনায়ক রাঘভি বিস্টও দারুণ ব্যাট করে ৫০ বলে অপরাজিত ৭২ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে হায়দরাবাদ দল নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৯৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ৮৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরাখণ্ড।
ব্যাট হাতে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি বল হাতেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন প্রেমা রাওয়াত। নিজের কোটার চার ওভারে মাত্র ১২ রান খরচ করে তিনি তুলে নেন ২ উইকেট। ব্যাট ও বল উভয় বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের হাতে। উল্লেখ্য, ২০২৬ সালে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া প্রেমা এখন পর্যন্ত দেশের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











