দ্বিতীয় সংসারও ভাঙল: বিচ্ছেদের পথে হাঁটলেন গায়িকা কণিকা কাপুর
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর তাঁর দ্বিতীয় দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। দীর্ঘ চার বছরের সংসারজীবন শেষে স্বামী গৌতম হাথীরমণির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই তারকা গায়িকা।
মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বিবৃতিতে কণিকা জানান যে উভয়ের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের এই বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করেননি তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে কণিকা লিখেছেন, অত্যন্ত ভেবেচিন্তে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন। বিগত বছরগুলোতে একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে গৌতমের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন তিনি। এছাড়া তাঁদের এই সংবেদনশীল ও কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন গায়িকা।
প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে ব্যবসায়ী গৌতম হাথীরমণির সঙ্গে ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণিকা। সে সময় তাঁদের বিয়ের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছিল। কিন্তু চার বছরের মাথাতেই সেই সম্পর্কে ফাটল ধরার খবর সামনে এল।
এর আগে ১৯৯৯ সালে রাজ চন্ডোকের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণিকা। ২০১২ সালে সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে তাঁর তিন সন্তান রয়েছে—দুই কন্যাসন্তান আয়ানা ও সামারা এবং এক পুত্রসন্তান যুবরাজ। প্রথম সংসারের পাট চুকানোর পর তিনি পুরোপুরি মনোনিবেশ করেন সংগীতের দুনিয়ায়।
পরবর্তীতে ‘রাগিনি এমএমএস ২’ চলচ্চিত্রের ‘বেবি ডল’ গানটির মাধ্যমে দেশজুড়ে রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি। এরপর ‘চিট্টিয়া কালাইয়া’ এবং ‘লাভলি’র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। বলিউডের বহু সুপারহিট সিনেমায় তাঁর কণ্ঠের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছে। এমনকি আলোচিত ছবি ‘পুষ্পা’র হিন্দি সংস্করণেও ‘উ আন্তাভা’ গানে কণ্ঠ দিয়েছিলেন কণিকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











