কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ ঘাটতি আরও তীব্র হওয়ার আশঙ্কা স্যামসাংয়ের, শেয়ারে পতন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চাহিদা বাড়ায় মেমরি চিপের ঘাটতি আগামী বছর আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এআই চিপের চড়া চাহিদার ওপর ভর করে বড় ধরনের মুনাফা অর্জনের পরপরই বিশ্ববাজারকে এই সতর্কবার্তা দিল প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাং ১০৭.৪ ট্রিলিয়ন ওন (প্রায় ৮০.০৪ বিলিয়ন মার্কিন ডলার) পরিচালন মুনাফা হিসাব করেছে। গত বছরের একই সময়ের তুলনায় (১২.২ ট্রিলিয়ন ওন) এই মুনাফা প্রায় নয় গুণ বেশি। এর মধ্যে চিপ বিভাগ থেকেই এসেছে ১০৬.৫ ট্রিলিয়ন ওন, যা এক বছর আগের তুলনায় ১৫ গুণ বেশি। তবে বাজার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে এই আয় কিছুটা কম ছিল।
সামনের দিনগুলোতে চিপ সরবরাহের ঘাটতি মিটাতে মূলধনি ব্যয় বা ক্যাপেক্স ৬২ শতাংশ বাড়িয়ে ৭৬.৮ ট্রিলিয়ন ওনে উন্নীত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আগামী বছর এ বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী ২০২৭ সাল নাগাদ বিশ্বজুড়ে এআই অবকাঠামো তৈরিতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ হবে বলে পূর্বাভাস দিয়েছে স্যামসাং, যা মেমরি চিপের চাহিদা জোগানের তুলনায় অনেক বাড়িয়ে দেবে।
রেকর্ড মুনাফা করলেও শেয়ারহোল্ডারদের জন্য নতুন কোনো বাড়তি রিটার্ন বা লভ্যাংশের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়ায় হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। ফলে স্যামসাংয়ের শেয়ার দর সকালের লেনদেনে সর্বোচ্চ ৬.২ শতাংশ পর্যন্ত পড়ে যায়। এর আগের দিন প্রতিযোগী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স শেয়ারহোল্ডারদের বড় অঙ্কের রিটার্ন দেওয়ার ঘোষণা দিয়ে বাজারে ইতিবাচক প্রভাব তৈরি করেছিল। তবে স্যামসাং জানিয়েছে, আগামী জানুয়ারিতে তারা নতুন শেয়ারহোল্ডার রিটার্ন নীতি চূড়ান্ত করবে।
অন্যদিকে, মেমরি চিপের দাম বৃদ্ধি ও কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় স্যামসাংয়ের স্মার্টফোন ও মোবাইল ব্যবসার মুনাফায় চাপ সৃষ্টি হয়েছে, যা সেপ্টেম্বর প্রান্তিকে ৮০০ বিলিয়ন ওন লোকসানে নেমে এসেছে।
সুত্র : রয়টার্স
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











