কারিগরি শিক্ষার প্রসারে জোড় তাগিদ শিক্ষামন্ত্রীর: বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৮ অক্টোবর ২০২৬ - ২০:২০
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কারিগরি শিক্ষার প্রসারে জোড় তাগিদ শিক্ষামন্ত্রীর: বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: সংগৃহীত

দেশের বিশাল তরুণ সমাজ ও জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মসংস্থানভিত্তিক শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তিগত সুবিধার সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড ও অভিজ্ঞতা অনুসরণ করে গবেষণাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।

​বুধবার গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল ক্যাম্পাসে আয়োজিত ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য কেবল সনদ বিতরণ করা নয়; বরং শিক্ষা থেকে বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুপ্ত মেধার বিকাশ ঘটানো ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা। তাই বাউবির শিক্ষার গুণগত মান ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। সভায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

​এর আগে সকালে প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী। দিনটি পালন উপলক্ষে মূল ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ চিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া এ বছর প্রথমবারের মতো স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অসামান্য কৃতিত্বের জন্য নয়জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় স্নাতকোত্তর পর্যায়ে সাফল্য দেখানো তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থীকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0