৯৯ রানে অপরাজিত সাদমান: প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান
আলোক স্বল্পতার কারণে দিনের খেলা নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ায় কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পাননি ওপেনার সাদমান ইসলাম। ৯৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে ব্যক্তিগত সেঞ্চুরি হাতছাড়া হলেও ঢাকা টেস্টের প্রথম দিনটি স্বস্তিতেই পার করেছে স্বাগতিক বাংলাদেশ। দিনের খেলা শেষে ৩ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। সাদমানের সঙ্গে ৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন লিটন দাস।
ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের গতি ও নিখুঁত লাইন-লেন্থের মুখে পড়তে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের। ইনিংসের শুরুতে তানজিদ হাসান তামিমের পর একে একে সাজঘরে ফেরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে মুমিনুল ও শান্তর উইকেট দুটো হারায় কিছুটা বাজে শটের খেসারত দিয়ে।
সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে রেখে ধৈর্যশীল ও ঠাণ্ডা মাথায় ব্যাটিং চালিয়ে যান সাদমান। এরপর চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। এই জুটি স্কোরবোর্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ৪২ রান করার পর হৃদয় চোট পেয়ে মাঠ ছাড়লে দলের ইনিংসে কিছুটা ছন্দপতন ঘটে। এরপরও দমে না গিয়ে লিটন দাসকে সঙ্গে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন এবং দিন পার করেন সাদমান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











