ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: বাণিজ্যমন্ত্রী

২৮ অক্টোবর ২০২৬ - ১৭:৪৬
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: বাণিজ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ মুহূর্তে বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

​বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। উক্ত বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং শীর্ষ ব্যবসায়ী ও আমদানিকারক নেতারা উপস্থিত ছিলেন।

​বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের সম্ভাব্য চাহিদা বিবেচনায় ভোজ্যতেল, ছোলার ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নতুন পণ্যও আমদানির পাইপলাইনে স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়া ওঠানামার কারণে আমদানি খরচ প্রভাবিত হলেও বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না। তবে আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে ছোলার দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

​পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে এলসি (ঋণপত্র) খোলার বিষয়ে কোনো বড় অভিযোগ এখনো মেলেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে কোনো ব্যবসায়ী ব্যাংকিং জটিলতা বা এলসি মার্জিন নিয়ে সমস্যায় পড়লে সরকার বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দ্রুত তা সমাধানের উদ্যোগ নেবে।

​সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কথা বলতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্য রয়েছে। মঙ্গলবার থেকে এর প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এছাড়া ইউএই, ইন্দোনেশিয়া, ওমান, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও বাণিজ্য সুবিধা সম্প্রসারণের আলাপ চলছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর বৈশ্বিক বাজারে দেশের রপ্তানি সক্ষমতা এবং শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে এসব চুক্তি বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0