এক টিকিটে দুই ম্যাচ দেখার সুযোগ, সাফের টিকিটের দাম ১ থেকে ১০ হাজার টাকা
আগামী ৫ নভেম্বর থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বের প্রতিটি দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শকদের বাড়তি সুবিধা দিতে এক টিকিটের বিনিময়ে দুটি ম্যাচই উপভোগ করার সুযোগ রাখছে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সাফ)। পাশাপাশি টুর্নামেন্টের টিকিটের মূল্যও চূড়ান্ত করা হয়েছে।
সাফে সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকায় টিকিট পাওয়া যাবে। এছাড়া টুর্নামেন্টটি সফল ও নির্বিঘ্ন করতে পুলিশ মাঠ, বুয়েট মাঠ এবং কিংস অ্যারেনাসহ বেশ কয়েকটি মাঠ অনুশীলনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সাফের মধ্যে একটি যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে মাঠের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং টিকিটের মূল্য চূড়ান্ত করা হয়।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেল গণমাধ্যমকে জানান, দর্শকদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। মাঠের কন্ডিশন থেকে শুরু করে ইনার গেট, আউটার গেট এবং ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে অতিথিদের প্রবেশ এবং দর্শকরা কীভাবে নির্বিঘ্নে স্টেডিয়ামে প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন, সে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বাফুফের সঙ্গে যৌথভাবে এসব বিষয় সুন্দরভাবে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবার থেকে অনলাইনে সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এবারের টুর্নামেন্টে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা, ক্লাব হাউস ৪ হাজার টাকা, ভিআইপি ৭ হাজার টাকা, রেড বক্স ৮ হাজার টাকা (ইতিমধ্যে বিক্রি সম্পন্ন) এবং করপোরেট বক্সের টিকিটের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিটের দাম কিছুটা বেশি হওয়ায় দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস স্পষ্ট করেছেন যে টিকিটের মূল্য নির্ধারণের পুরো বিষয়টি সাফের নিজস্ব এখতিয়ারভুক্ত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











