ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ অতিথি চরিত্রে মেহজাবীন চৌধুরী
ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে বড় পর্দায় একসঙ্গে দেখার গুঞ্জন অনেক দিনের। তবে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সামনে এল নতুন তথ্য। দেশের প্রশংসিত নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খলনায়ক’-এ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
সিনেমা-সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কলকাতার লোকেশনে এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন অভিনেত্রী। ছবি মুক্তির আগে তার এই উপস্থিতি দর্শকদের জন্য একটি বিশেষ চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। এ কারণেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ তারা।
এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন মেহজাবীন। সেই ধারাবাহিকতায় এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা।
চলতি মাসের শুরুতে প্রযোজক শাহরিয়ার শাকিলের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়। নিশো ও মেহজাবীনের সঙ্গে সেই ছবি প্রকাশের পর গুঞ্জন রটেছিল যে, ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ নামের সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন তারা। তবে ‘খলনায়ক’-এ মেহজাবীনের যুক্ত হওয়ার খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ‘পুলসিরাত’ প্রজেক্টটি নিয়ে। এ প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ জানিয়েছেন, চুক্তির নানা বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
শুরু থেকেই ‘খলনায়ক’ সিনেমাটি নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। ছবির মূল গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কেও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আফরান নিশো ও তমা মির্জা জুটির এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার এবং কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড চলতি বছরের শেষদিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বহুল আলোচিত এই চলচ্চিত্রটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











