ব্রাজিলের নির্বাচনে হেরে দেশ ছেড়ে মার্কিন মুলুকে ফ্লাভিও বলসোনারো

২৮ অক্টোবর ২০২৬ - ১০:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্রাজিলের নির্বাচনে হেরে দেশ ছেড়ে মার্কিন মুলুকে ফ্লাভিও বলসোনারো
ছবি: সংগৃহীত

ব্রাজিলের সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন কট্টর ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার এই দেশত্যাগকে 'লজ্জাজনক' হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসন ফ্লাভিও ও তার পরিবারের সদস্যদের ভিসা প্রদান করবে।

​এর আগে গত সোমবার অর্থ পাচার মামলার তদন্তের অংশ হিসেবে ফ্লাভিওকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ফ্লাভিও দাবি করেছিলেন যে, তিনি দেশ ছাড়ার কথা কখনো চিন্তা করেননি এবং দেশেই থেকে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।

​সংবাদ মাধ্যম মেট্রোপোলস সূত্রে জানা যায়, ফ্লাভিও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার পরিকল্পনা করছেন এবং এ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, ফ্লাভিও বলসোনারোর বাবা হলেন ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো। গত ২৫ অক্টোবরের নির্বাচনে বামপন্থি নেতা লুলার কাছে ৪৪ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন ফ্লাভিও। প্রথমে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যানের চেষ্টা করলেও পরবর্তীতে তার দল ফল মেনে নেয়।

​লুলা দা সিলভা তার ৮১তম জন্মদিনের অনুষ্ঠানে ফ্লাভিওর দেশত্যাগ প্রসঙ্গে বলেন, বলসোনারো পরিবারের কাছে ব্রাজিল কখনোই প্রথম পছন্দ নয়, বরং তারা সবসময় যুক্তরাষ্ট্রপ্রীতিতে অভ্যস্ত। তিনি আরও যোগ করেন, ফ্লাভিও নির্দোষ হলে দেশ ছেড়ে না পালিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারতেন।

​এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করে এটিকে কারচুপিপূর্ণ বলে মন্তব্য করেছেন। যদিও নির্বাচনে কোনো ধরনের অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, ফ্লাভিওকে আশ্রয় দেওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হোয়াকিন কাস্ত্রো। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তির প্রস্থান নিয়ে মার্কিন কংগ্রেসকে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0