যশোরে জমি বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আহত ২
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই ও ভাতিজাদের সশস্ত্র হামলায় আশিকুর জামান (২৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা ও ভাই আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার সোনাকুর দোয়ালীপাড়া গ্রামে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। নিহত আশিকুর জামান ওই এলাকার আছিরউদ্দিনের ছেলে। হামলায় আহতরা হলেন নিহতের বৃদ্ধ বাবা আছিরউদ্দিন (৭০) এবং ভাই আশরাফুজ্জামান (৫০)।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, জমিজমা বণ্টন নিয়ে আছিরউদ্দিনের সাথে তার সহোদর আমিন উদ্দীনের পরিবারের দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। গত মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে আমিন উদ্দীনের ছেলে নজরুল ও ফজলু রহমান এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান ও আরিফুজ্জামান (৩১) দেশীয় ধারালো অস্ত্র ও শাবল নিয়ে আছিরউদ্দিনের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা আশিকুর জামানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে আছিরউদ্দিন ও আশরাফুজ্জামানকেও কুপিয়ে আহত করা হয়। রাত ১টার দিকে রক্তাক্ত অবস্থায় আশিকুরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে আশিকুরের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং অন্য আহত দুজনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্য জুয়েল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তথ্য কোতোয়ালি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হামলাকারীরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











