২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের জিডিপি অর্জনের আশা প্রধানমন্ত্রীর, জাপানি বিনিয়োগের আহ্বান
টোকিওতে আয়োজিত 'বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগে' জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের উদীয়মান তরুণ জনশক্তি ও বিশাল বাজারকে কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে উন্নীত হবে এবং ২০৩৪ সালের মধ্যে বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ ট্রিলিয়ন মার্কিন ডলার স্পর্শ করবে।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) হলে অনুষ্ঠিত এই ডায়ালগে মূল বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৮ কোটিরও বেশি জনসংখ্যা এবং ২৭ বছরের গড় বয়সের তরুণ কর্মক্ষম জনশক্তি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পতি স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (EPA) মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই চুক্তির ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৩৭টি পণ্য জাপানি বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
জাপানি বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানান, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, কাস্টমস ও কর প্রক্রিয়ার সহজীকরণ এবং উন্নত অবকাঠামো নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে গঠিত জাপানি অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বিশেষ তিনটি খাতে যৌথ সহযোগিতা জোরদারের আহ্বান জানান:
১. জ্বালানি খাত: নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ।
২. প্রযুক্তি ও মহাকাশ: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকস ও ক্লাউড কম্পিউটিং নির্ভর ‘বাংলাদেশ-জাপান টেকনোলজি পার্ক’ স্থাপন এবং মহাকাশ বিজ্ঞানে যৌথ গবেষণা।
৩. উন্নত যোগাযোগ অবকাঠামো: ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করতে এলিভেটেড হাইওয়ে ও হাই-স্পিড রেল নেটওয়ার্কের মাস্টারপ্ল্যান প্রণয়নে সহযোগিতা।
এছাড়া বাংলাদেশি তরুণদের জাপানি ভাষায় দক্ষ করে তুলে দুই দেশের মধ্যে কর্মসংস্থান ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তব্যে প্রধানমন্ত্রী জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু হিসেবে অভিহিত করে বাণিজ্য সম্প্রসারণে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











