কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত ও প্রভাস, অতিথি তালিকায় কঙ্গনাও
আগামী ডিসেম্বরে বসতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন আসর। চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রতিবছরের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ আকর্ষণ ও বড় চমক।
উৎসবের পর্দা ওঠার দিনে উপস্থিত থাকার কথা রয়েছে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। সেই সঙ্গে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, প্রবীণ অভিনেতা অনুপম খের এবং পরেশ রাওয়ালের আসার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর মুখ্য উপদেষ্টা হিসেবে উৎসবের সার্বিক পরিকল্পনা ও পরিচালনার মূল দায়িত্বে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) উৎসবের অগ্রগতির নানা দিক নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং শর্বরী মুখোপাধ্যায়।
বৈঠক শেষে আয়োজনের নানা দিক ও অতিথি তালিকা প্রসঙ্গে কথা বলেন মিঠুন চক্রবর্তী। তিনি জানান, রজনীকান্ত, প্রভাস ও অনুপম খেরের আসা নিশ্চিতের পাশাপাশি কঙ্গনা রানাওয়াত ও পরেশ রাওয়ালের সঙ্গে কথা বলা হচ্ছে। একই সঙ্গে উৎসব প্রাঙ্গণে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে বিদেশের কিছু নামকরা তারকাকে যুক্ত করার চেষ্টা চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানের স্থান নিয়ে তৈরি হওয়া কৌতূহলের বিষয়ে ইঙ্গিত দিয়ে মিঠুন চক্রবর্তী জানান, এবার হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে উদ্বোধনী আয়োজন হতে পারে।
আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই চলচ্চিত্র উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উৎসব ঘিরে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলো বিশেষভাবে সাজিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।
উল্লেখ্য, প্রতিবছরই এই উৎসবে তারকাদের মেলা বসে। গত আসরে বলিউড থেকে শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম অংশ নিয়েছিলেন। এছাড়া পূর্বে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, বিদ্যা বালান, রানি মুখার্জিসহ প্রথম সারির বহু তারকা এ মঞ্চ আলোকিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











